জানালার ধারে বসে বৃষ্টি দেখছিলাম। হঠাৎ আসা বৃষ্টি।
বৃষ্টি দেখতে কমবেশি সকলেরই ভালো লাগে। কেউ ভালোবাসে রূপোলী ঝলকের মত বৃষ্টির ধারার সৌন্দর্যকে, কেউ মেঘের গম্ভীর ধূসরতা কে, কারো আবার সোঁদা মাটির গন্ধ কিম্বা বৃষ্টি ভেজা কচি পাতার রূপ প্রিয়।
এ সবই আমারও ভালো লাগে। কিন্তু, এইরকম হঠাৎ আসা বৃষ্টি আমার সবচেয়ে ভালো লাগে অন্য একটা কারণে। তার ঝাপসা অস্পষ্ট ভাবের জন্য।
আসলে, হঠাৎ বৃষ্টির শুরুটাই তো ঝাপসা, অস্পষ্ট। Unpredictable. কেউ কিছু বুঝে ওঠার আগেই সারা আকাশে জমে ওঠা মেঘ, তারপরই নেমে আসা বৃষ্টি, সবমিলিয়ে একটা অবাক করা ব্যাপার। যেন, আকাশ আমাদের একটা surprise দিতে চায়। আর এ ধরনের surprise আমার ভালোই লাগে।
আর, হঠাৎ এই বৃষ্টি আমাদের কষ্ট দেয়। বৃষ্টি আমাদের অনেক ভুলতে চাওয়া স্মৃতি, জমে থাকা বিষাদ ফিরিয়ে নিয়ে আসে। যেন, শুকিয়ে যাওয়া এই সব পুরনো স্মৃতি বৃষ্টির ছোঁওয়া পেয়ে আবার নতুন করে বেঁচে ওঠে।
এর দোষ কিন্তু বৃষ্টির নয়। আমাদের অবচেতন মন সেই আদিকাল থেকেই বৃষ্টির মিল খুঁজে পায় চোখের জলের সাথে, জমে থাকা মেঘের সঙ্গে সম্পর্ক খোঁজে ভার হয়ে থাকা মনের। আর তাই, বৃষ্টির সঙ্গে কোথাও আমরা একাত্ম বোধ করি। আসলে, আমরা প্রত্যেকেই তো মনের গোপন কোণে কিছুটা হলেও স্মৃতিবিলাসী। স্মৃতি রোমন্থন করার মধ্যেও এক ধরণের আনন্দ পাই আমরা, তা সে স্মৃতি সুখের হোক, বা দুঃখের। হঠাৎ বৃষ্টি সেই স্মৃতি গুলোকেই উস্কে দেয়, বৃষ্টির অস্পষ্টতার সঙ্গে আমরা মিলিয়ে নিই পুরনো অস্পষ্ট স্মৃতি দের।
এভাবেই কিছুটা ঝাপসা, কিছুটা দৃশ্যমান - এই তো বৃষ্টি, স্মৃতি, জীবন। এ নিয়েই তো রোজকার বেঁচে থাকা। তাই আমি, আমরা বৃষ্টি ভালবাসি।
এসো, বৃষ্টি।
No comments:
Post a Comment